কারা হচ্ছে বিরোধী দল, যা জানালেন ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদের বিরোধী দল কারা হবে? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে বলেছেন, নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পর বিরোধী দল কারা, অলরেডি বিরোধী দল জাতীয় পার্টির তো অনেকেই জিতেছেন, ১৪ দলেরও দুইজনের মতো জিতেছেন। এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় তো দূরে নয়। যিনি লিডার অব দ্যা হাউজ হবেন, তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

আজ সোমবার (৮ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

কাদের নিয়ে বিরোধী দল করা হবে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমি কেন আপনাকে বলব? নতুন সরকার বসুক। সংশ্লিষ্ট যারা আছে তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন। বাস্তবতার নিরিখে সিদ্ধান্ত নেবেন।

নির্বাচন নিয়ে বিএনপির করা মন্তব্য নজরে আনলে ওবায়দুল কাদের বলেন, দেশি-বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক সবাই নির্বাচন দেখেছেন, প্রত্যক্ষ করেছেন। বিএনপি-জামায়াতের নির্বাচনবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যেও শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন হয়েছে; সেটা আপনারা নিজেরাই প্রত্যক্ষ করেছেন।

তিনি বলেন, বিএনপি জামায়াত এবার ও ব্যর্থ হয়েছে। বার বার নির্বাচন বর্জন করে আগামী ৫ বছর অপেক্ষা করা ছাড়া তাদের করণীয় কিছু নেই। আজ তাদের সব অভিযোগ বাস্তবতাবিবর্জিত, ভিত্তিহীন। সংবাদ সম্মেলনে মিথ্যাচার করে বক্তব্য দিয়েছেন। প্রতিনিয়ত এমন মিথ্যাচার তাদের করুণ পরিণতির জন্য দায়ী।

ওবায়দুল কাদের বলেন, টানা চতুর্থবার ও পঞ্চমবারের মত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে ভারত, রাশিয়া, চীন, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলংকার রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করে অভিনন্দন জানিয়েছেন।

এ সময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য সাঈদ খোকন প্রমুখ।