পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বোমা হামলায় পুলিশের অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছে। পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তায় নিযুক্ত ছিলেন তারা। এ ঘটনায় আহত হয়েছে আরও ২৪ জন পুলিশ সদস্য। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার (৮ জানুয়ারি) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে।
বোমা হামলার ঘটনাটি ঘটেছে বাজাউর জেলার মামুন্দ এলাকায়। এলাকাটি আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত।
বাজাউর জেলার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা আনোয়ার-উল-হক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পুলিশের একটি ট্রাককে নিশানা করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে হামলা চালানো হয়। ট্রাকটিতে পুলিশের প্রায় ২৫ জন সদস্য ছিলেন। তারা পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তাসহ এ-সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন। প্রাণহানির এই সংখ্যা নিশ্চিত করেছেন জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা কাশিফ জুলফিকারও।
পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়, এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। টিটিপিসহ পাকিস্তানের অন্য জঙ্গি সংগঠনগুলো অতীতে অনেক পোলিও টিকাদান কর্মীসহ তাদের নিরাপত্তা কাজে নিযুক্ত ব্যক্তিদের হত্যা করেছে।
পাকিস্তান ও আফগানিস্তানে এখনো স্থানীয় রোগ হিসেবে পোলিওর উপস্থিতি রয়েছে। সোমবার থেকে পাকিস্তানে সাত দিনব্যাপী পোলিও কর্মসূচি শুরু হয়েছে।