অস্ট্রেলিয়া টেস্ট দলে ওপেনিং পজিশনে ডেভিড ওয়ার্নারের শূন্যস্থান পূরণ কে করবেন- এই নিয়েই সরব দেশটির ক্রিকেটাঙ্গণ। এবার তাতে যোগ দিয়েছেন বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনি বাজি ধরেছেন স্টিভেন স্মিথের পক্ষে। বলেছেন, ‘স্মিথি যদি ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ড ভাঙে, তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না।’
অস্ট্রেলিয়াকে ৪৭টি টেস্টে নেতৃত্ব দেওয়া ক্লার্ক ইএসপিএনের ‘অ্যারাউন্ড দ্য উইকেট’ অনুষ্ঠানে বলেন, ‘স্টিভেন স্মিথ যদি ওপেন করতে চায়, এবং দল তাকে সেই সুযোগটা দেয়, তাহলে এক বছরের মধ্যে ১ নম্বর টেস্ট ওপেনার হয়ে যাবে স্মিথ। সে এমনই ভালো খেলোয়াড়। টেকনিক্যালি সে যথেষ্ট ভালো। সে বল ছাড়ে ভালো, দৃষ্টি ভালো, দারুণ হাত। হয়তো সে এই চ্যালেঞ্জই নিতে চাচ্ছে। সে কারও জন্য অপেক্ষা করে না।’
সিডনি টেস্ট চলাকালীন ওপেনার হতে হতে আগ্রহ প্রকাশ করেন স্টিভেন স্মিথ। তার একদিন আগে সাবেক তারকা ক্রিকেটার শেন ওয়াটসনও এই পজিশনে স্মিথকে দেখতে চেয়েছিলেন। উইন্ডিজের বিপক্ষে ১৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঙ্ক-ওরেল ট্রফিতে নতুন কাউকে দেখা যাবে টেস্ট ওপেনার হিসেবে। এতোদিন ওয়ার্নারের বিকল্প হিসেবে ভাবা হচ্ছিল ক্যামেরন ব্যানক্রফট, মার্কাস হ্যারিস, ম্যাথিউ র্যানশ-দের মতো অভিজ্ঞদের নাম। কোচ ম্যাকডোনাল্ডের আভাস দেওয়ার পর আলোচনা উঠেছিল ক্যামেরন গ্রিনকে নিয়েও। লাবুশেনকে ওপেনিং পজিশনে এনে গ্রিনকে তিনে খেলাতে পারে ম্যানেজমেন্ট।
অবশ্য অজি অধিনায়ক প্যাট কামিন্স স্মিথকে উপরে উঠিয়ে নিজেদের স্থিতিশীল ব্যাটিং অর্ডার এলোমেলো করতে চান না। মাইকেল ক্লার্ক আরও বলেছেন, ‘সুযোগ যিনিই পান না কেন, কাজে লাগাতে হবে। তবে সাফল্যের মূলসূত্র হলো দীর্ঘ মেয়াদে থাকা।’