আফ্রিকার ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন সাদিও মানে। মহাদেশটিতে জনপ্রিয়তার তু্ঙ্গে থাকা সেনেগালের জাতীয় ফুটবলার সাদিও মানে প্রণয়বন্ধনে আবদ্ধ হয়েছেন। দীর্ঘদিনের সঙ্গী আইশা তাম্বা’র সঙ্গে রাজধানী ডাকারের কেওর মাসারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি।
সাদিও মানে ক্লাব জগতে লিভারপুল অধ্যায় শেষে এখন মাঠ মাতাচ্ছেন সৌদি প্রো লিগে। সেখানে আল নাসর ক্লাবে তার সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো। সেনেগালে ফুটবলারের চাইতেও জনদরদী হিসেবে বেশি জনপ্রিয় দুইবার আফ্রিকার সেরা ফুটবলার হওয়া মানে। উপার্জিত অর্থের বড় অংশ তিনি নিজের এলাকার উন্নয়নের পেছনে ব্যয় করেন। বাম্বালিতে একটি স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ করেছেন মাত্র। তার পরই এ বিয়ের খবর চাউর হলো।
ছোটবেলা থেকেই স্ত্রী আইশার সঙ্গে সম্পর্ক মানের। পালস স্পোর্টসের তথ্য মতে, স্কুলে থাকার সময় থেকেই আইশার সকল প্রয়োজন ও খরচ মিটিয়ে আসছেন মানে। এতোদিন গণমাধ্যম থেকে নিজের ব্যক্তিগত জীবন বেশ ভালোভাবেই দূরে রেখেছিলেন তিনি। তবে জানা গেছে বিনয়ী স্বভাবের আইশা নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকেন। কাসামাঙ্কা নিবাসী আইশার বাবা একজন স্থপতি।
তার নেতৃত্বে আগামী ১৪ জানুয়ারি থেকে আফ্রিকান কাপ অফ নেশন্স- এ মাঠে নামবে সেনেগাল। প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়ন সেনেগাল।