নির্বাচন কমিশন দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৮টির বেসরকারি ফলাফল ঘোষণা করেছে। এসব আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২২২টি, জাতীয় পার্টি ১১টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাসদ এবং বাংলাদেশ কল্যাণ পার্টি একটি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে বিজয়ী হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি গোপালগঞ্জ-২ আসনে ২ লাখ ৯৫ হাজার ২৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির কাজী শাহীন পেয়েছেন ১ হাজার ৫১৪ ভোট। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৩৩ জন। এই আসনে ভোট পড়েছে ৮৭ দশমিক ২০ শতাংশ।
এদিকে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন জামালপুর-৩ আসনের মির্জা আজম। তিনি পেয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৪৫৩ ভোট। এর পরে রয়েছেন রাঙামাটি-৩ আসনের দীপঙ্কর তালুকদার। তিনি পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ৩৭৩ ভোট। পরের অবস্থানে রয়েছেন গোপালগঞ্জ-৩ আসনের প্রার্থী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি পেয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৯৬২ ভোট। আর ভোলা-৪ আসনে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব পেয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৪৭৮ ভোট।
এদিকে সবচেয়ে কম ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঢাকা ১৫ আসনের নৌকা প্রতীকের প্রার্থী কামাল আহমেদ মজুমদার। তিনি ৩৯ হাজার ৬৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির সামছুল হক পেয়েছেন ২ হাজার ৪৪ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৫০৭ জন। এ আসনে ১৩ দশমিক ৪ শতাংশ ভোট পড়ার তথ্য দিয়েছে নির্বাচন কমিশন।