অষ্টমবার সাংসদ হলেন মোস্তাফিজুর রহমান ফিজার

সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার একই আসনে অষ্টমবারের মতো সাংসদ নির্বাচিত হয়েছেন। গত রবিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ১৪০টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৬৭ হাজার ৪২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি।

তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হযরত আলী বেলাল (ট্রাক) ২৬ হাজার ৪৪২ ভোট পান। এছাড়া জাতীয় পার্টির মো. নুরুল ইসলাম (লাঙ্গল) ৬ হাজার ৫৬৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল ডা. তোজাম্মেল হক (ঈগল) ৬২০১ ভোট এবং পিপলস পার্টির মো. শওকত আলী (আম) ১৩৯৪ ভোট  পেয়েছেন।  

 মোস্তাফিজুর রহমান ফিজার আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে প্রথমবারের মতো ১৯৮৬ সালে দিনাজপুর-৫ আসনে সাংসদ নির্বাচিত হন। পরে ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালেও তিনি সাংসদ নির্বাচিত হন। ২০০৯ সালে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৯ সালের ৩১ জুলাই থেকে ২০১৩ সালের ২১ নভেম্বর পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।