ড্যাডির ২৭তম প্রয়াণ দিবস আজ

বাংলাদেশের আলোকচিত্রের পথিকৃৎ গোলাম কাসেম ড্যাডির ২৭তম প্রয়াণ দিবস আজ। তার হাত ধরে এ দেশে ফটোগ্রাফির শিক্ষাচর্চা শুরু হয়। তিনি ১৯১২ সালে অ্যানসাইন বক্স ক্যামেরা ও গ্লাস প্লেট নেগেটিভে ফটোগ্রাফি শুরু করেন। ১৯১৫ সালে প্রথম বিশ^যুদ্ধে অংশগ্রহণের সময় গল্প লিখতে শুরু করেন। সওগাতযুগে তাকে মুসলমান বাংলা সাহিত্যের ‘শরৎচন্দ্র চট্টোপাধ্যায়’ হিসেবে অভিহিত করা হতো। তিনি ১৯৫১ সালে ঢাকায় ‘ট্রপিক্যাল ইনস্টিটিউট অব ফটোগ্রাফি’ ও ১৯৬২ সালে ‘ক্যামেরা রিক্রিয়েশন ক্লাব’ প্রতিষ্ঠা করেন। ২০০৪ সালে এশিয়ার বৃহত্তর আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলায় তাকে মরণোত্তর আজীবন সম্মাননা প্রদান করা হয়। তিনি ১৮৯৪ সালের ৫ নভেম্বর অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালের ৯ জানুয়ারি ১০৪ বছর বয়সে মারা যান।

গোলাম কাসেম ড্যাডির প্রয়াণ দিবস উপলক্ষে ক্যামেরা রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে আগামী ১৯ জানুয়ারি বিকেল ৫টায় পাঠক সমাবেশ কাঁটাবন শাখায় এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। ওইদিন ড্যাডির আলোকচিত্র ও গল্প নিয়ে আলোচনা করবেন বরেণ্য আলোকচিত্রী শফিকুল ইসলাম স্বপন, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, কথাসাহিত্যিক শাহনাজ মুন্নী ও কথাসাহিত্যিক কিযী তাহনিন।