সংসদীয় আসনের প্রথম ও শেষটায় কে জিতলেন?

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় ৩০০ আসনের ০১ নম্বর পঞ্চগড়-১ ও ৩০০ নম্বর আসন পার্বত্য বান্দরবান-১-এ আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছেন। 

পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূইয়া প্রথমবারের মতো দলের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ২৪ হাজার ৭৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৫৭ হাজার ২১০ ভোট।

বান্দরবান-১ আসনে জয়ী হয়েছেন বীর বাহাদুর উশৈসিং। এ নিয়ে তিনি টানা সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। তিনি ১ লাখ ৭২ হাজার ৬৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী এ টি এম শহিদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৩ শত ৬১ ভোট।

বীর বাহাদুর উশৈসিং আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে ২০১৪ সালের ১২ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ সালের ৫ জানুয়ারি থেকে একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।