নওয়াজ শরিফের নির্বাচনে লড়ার শেষ বাধাও রইল না  

পাকিস্তানে ফৌজদারি মামলায় শাস্তি পেলে রাজনীতিকরা আর নির্বাচনে দাঁড়াতে পারতেন না। সেই নিয়ম বাতিল করলো দেশটির সুপ্রিম কোর্ট।

গতকাল সোমবার সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে নওয়াজ শরিফের আর ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে কোনো বাধা থাকলো না।

পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই রায় দিয়ে বলেন, আগের সিদ্ধান্তের ফলে একজন নাগরিকের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার মৌলিক অধিকার লংঘিত হচ্ছিল।

২০১৭ সালে নওয়াজ শরিফকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। তার পরের বছর এই বিধি চালু হয় যে, কোনো রাজনীতিক একবার ফৌজদারি অপরাধের জন্য শাস্তি পেলে আজীবনের জন্য নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য হবেন। এই বিধির কারণে পাকিস্তানে আসন্ন নির্বাচনে নওয়াজের প্রতিদ্বন্দ্বিতা করাটা কিছুটা অনিশ্চিত ছিল। যদিও পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় দল ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ  (পিটিআই) দাবি করছে, নওয়াজকে প্রধানমন্ত্রী বানাতেই এত চেষ্টা। পাকিস্তানের সর্বময় ক্ষমতার অধিকারি সেনাবাহিনীর সবুজ সংকেত পেয়েই দুর্নীতির দায় মাথায় নিয়ে বিদেশে পালিয়ে থাকা নওয়াজ অক্টোবরে দেশে ফেরেন বলে মনে করে পিটিআই।

গত বছর অক্টোবরে দেশে ফেরার পরেই নওয়াজের বিরুদ্ধে থাকা আদালতের দুইটি রায় বাতিল করে দেওয়া হয়। কিন্তু তারপরেও আজীবনের জন্য নিষিদ্ধ বিধিটি থাকায় তিনি নির্বাচনে লড়তে পারছিলেন না।   এবার সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে ৭৪ বছর বয়সী নওয়াজ আগামী ৮ ফেব্রুয়ারির ভোটে লড়তে পারবেন।