প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ওআইসির রাষ্ট্রদূতগণ

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে আসেন ওআইসিভূক্ত রাষ্ট্রদূতগণ।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) গণভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওআইসি এবং স্ব স্ব দেশের পক্ষে অভিনন্দন জানান তারা। 

স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সন্ত্রাসমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ওআইসির রাষ্ট্রদূতগণ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ওআইসি’র সদস্যরাষ্ট্র হিসেবে আগামী দিনে বাংলাদেশ আরও ফলপ্রসু ভূমিকা রাখবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন রাষ্ট্রদূতগণ।

প্রধানমন্ত্রী ওআইসির রাষ্ট্রদূতগণকে ধন্যবাদ জানান। সামনের দিনগুলোতে ওআইসিভূক্ত দেশগুলো বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে মর্মে প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওআইসিভূক্ত দেশগুলোর মধ্যে উপস্থিত ছিলেন ব্রুনেই দারুসসালাম, মালয়েশিয়া, মিশর, আলজেরিয়া,  কুয়েত, লিবিয়া, ইরান, ইরাক, ওমান, কাতার, সৌদিআরব, সংযুক্ত আরব আমিরাত, প্যালেস্টাইন, মরক্কো ও পাকিস্তানের রাষ্ট্রদূতগণ।