হোয়াইট হাউসের গেটে গাড়ির ধাক্কা, চালক আটক

মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের গেটে গাড়ি দিয়ে ধাক্কা দেয়ার কারণে এক চালককে আটক করা হয়েছে।

স্থানীয় সময় গতকাল সোমবার ওই ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ তিনি হোয়াইট হাউস কমপ্লেক্সের একটি বাইরের ফটকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছেন। খবর রয়টার্স।

মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার কিছু আগে হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরের একটি ফটকে একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর গাড়ির চালককে হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলেও জানান অ্যান্থনি গুগলিয়েলমি।

তবে এ ঘটনার সময় হোয়াইট হাউসে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি একটি নির্বাচনি প্রচারণার জন্য দক্ষিণ ক্যারোলিনায় ছিলেন এবং সোমবার সন্ধ্যায় টেক্সাসের পথে যাত্রা করছিলেন। এটি নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক (হামলা চালানোর জন্য) ছিল, সে সম্পর্কে কিছু জানাননি নিরাপত্তা কর্মকর্তারা।

অন্যাদিকে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস কর্তৃপক্ষ, জানিয়েছে রয়টার্স।