ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম নেওয়া জমজ ৪ শিশুর একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে চারজনকেই এখন পর্যন্ত রাখা হয়েছে এনআইসিইউ'তে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে নবজাতক বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. ফারজানা ইসলাম জানান, গতকাল সোমবার ঢাকা মেডিকেলে এক নারী ৫ টি বাচ্চার জন্ম দেন। এরমধ্যে একটি বাচ্চা মৃত অবস্থায় জন্ম নেয়। জন্মের পরই চার নবজাতককে এনআইসিইউ'তে ভর্তি করা হয়।
ডা. ফারজানা বলেন, যেহেতু তারা ২৮ সপ্তাহে জন্ম নিয়েছে, সে কারণে তারা শারীরিকভাবে অপরিণত। এদের ওজন তুলনামূলকভাবে অনেক কম। এখন পর্যন্ত তিনটি বাচ্চা স্ট্যাবল আছে। একটি বাচ্চার শারীরিক অবস্থা একটু বেশি খারাপ। তার শাসকষ্ট বেশি এবং জন্ডিস রয়েছে। বাকি তিন বাচ্চারও জন্ডিস ছিল, তবে আগের থেকে উন্নত হয়েছে।
তিনি বলেন, বাচ্চারা যেহেতু অপরিণত সে জন্য যেকোনো সময় ইনফেকশন হয়ে যেতে পারে। আমরা তাদের ইকো করবো। যদি হার্ট ডিজিজ থাকে সেভাবেই তাদের চিকিৎসা দেওয়া হবে। বাচ্চাদের এখনো আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। কারণ ২৮ সপ্তাহের বাচ্চা বাঁচানো কঠিন হয়ে যায়। আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।