শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় মামলা

রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নাতে খৎনা করাতে গিয়ে টানা ৭দিন লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা যাওয়ার ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা হয়েছে। 

মঙ্গলবার শিশুর বাবা শামীম আহমেদ বাদি হয়ে ওই হাসপাতালের দুজন চিকিৎসকের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পরিচালক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারির বিরুদ্ধে অবহেলাজতিক কারণ দেখিয়ে মামলাটি করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন গাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, আয়ান মারা যাওয়ার ঘটনায় তার থানায় একটি মামলা হয়েছে। যেহেতু এটা চিকিৎসা সংক্রান্ত বিষয়, তাই আমরা বিশেষজ্ঞর মতামত নিবো। তাদের মতামতের সাপেক্ষে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে। 

মামলার এজাহারে শামীম আহমেদ বলেছেন, চিকিৎসক তাসনুভা মাহজাবিন ও সাইদ সাব্বির আহম্মেদসহ ওই হাসপাতালের লোকজনের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে। তার ছেলেকে কি ধরনের চিকিৎসা বা ঔষধ প্রয়োগ করা হয়েছে তার কোনো কাগজপত্র হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত তাদের সরবরাহ করেনি। তারা ছেলেকে দেখতে চাইলে নানা তালবাহানা করে, ঠিকমতো দেখতে দিতো না। আসামিরা পরস্পর যোগসাজশে অধিক লাভবান হওয়ার জন্য তার ছেলেকে ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দিবাগত রাত্র ১১টার দিকে পর্যন্ত ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে রেখে অবহেলামূলকভাবে ভুল চিকিৎসা প্রদান করায় তার ছেলের মৃত্যু হয়। তারপর তারা আয়ানকে মৃত ঘোষণা করে তার ছেলের মৃতদেহসহ ৫ লাখ ৭৭ হাজার ২৫৭ টাকার একটা বিল ধরিয়ে দেয়। 

তিনি উক্ত বিষয়টি বাড্ডা থানায় অবহিত করলে বাড্ডা থানা পুলিশ গিয়া তার ছেলের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে আয়ানের মৃতদেহের ময়নাতদন্তের পর দাফন সম্পন্ন করেন।