জনপ্রিয় ব্রিটিশ মুসলিম উপস্থাপক মেহেদি হাসান মার্কিন সম্প্রচারমাধ্যম এমএসএনবিসির চাকরি ছেড়ে দিয়েছেন। গত নভেম্বরে চ্যানেলটি মেহেদি হাসানের ‘সান ডে শো’ অনুষ্ঠান সম্প্রচার বাতিল করে। ইসরায়েল নিয়ে সমালোচনামূলক বক্তব্যের কারণেই তাকে নিয়ে আপত্তি জানায় কর্তৃপক্ষ।
গত নভেম্বরে ই-মেইল বার্তায় চ্যানেলের প্রেসিডেন্ট রাশিদা জোনস কর্মীদের সকালে নতুন অনুষ্ঠান চালুর কথা জানান। এ সময় অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার পর মেহেদি হাসান বিকল্প উপস্থাপক এবং ধারাভাষ্যকার হিসেবে থাকবেন বলে জানিয়েছিলেন তিনি। তবে মেহেদি হাসানের অনুষ্ঠান বাতিল হওয়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এ ঘটনায় মার্কিন কংগ্রেস সদস্য রোহিত খান্না গত নভেম্বরে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেন, মেহেদি হাসানের অনুষ্ঠান বন্ধ করে দেওয়া এমএসএনবিসির একটি বাজে পদক্ষেপ। তা-ও এমন এক সময়ে, যখন তিনি গাজায় চলমান যুদ্ধে মানবাধিকার নিয়ে কথা বলছেন।
২০২০ সালের অক্টোবরে মেহেদি হাসান স্ট্রিমিং পরিষেবা পিককে তার অনুষ্ঠান শুরু করেন। ২০২১ সালের মার্চে অনুষ্ঠানটি এমএসএনবিসিতে নিয়ে আসা হয়। এর আগে তিনি আল জাজিরা ইংলিশ ও দ্য ইন্টারসেপ্টের জন্য কাজ করেছেন।
রবিবার শো শেষে হাসান ঘোষণা করেন, আমি নতুন চ্যালেঞ্জ খোঁজার সিদ্ধান্ত নিয়েছি। এটা শুধু আমার দ্য মেহেদি হাসান শোয়ের শেষ পর্ব নয়, এমএসএনবিসিতে আমার শেষ দিন।
তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি মেহেদি হাসান। এমএসএনবিসির মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনিও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।