দুর্ঘটনা থেকে রক্ষা পেল তিতুমীর এক্সপ্রেস

রাজশাহী থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।

জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে নীলফামারীর ডোমার রেলস্টেশনে পৌঁছায়। এসময় ডোমার রেলস্টেশন থেকে ৫০০ গজ দূরে রেলঘুন্টি মিস্ত্রিপাড়া এলাকার রেললাইনে ফাটল দেখতে পায় এলাকাবাসী। তাৎক্ষণিক তারা স্টেশন মাস্টারকে অবগত করে। পরে রেলের সংশ্লিষ্ট কর্মচারীরা এসে দ্রুত ফাটল স্থান মেরামত করলে এক ঘণ্টা পর ট্রেনটি ডোমার রেলস্টেশন থেকে চিলাহাটি উদ্দেশে ছেড়ে যায়।

ডোমার স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, দুপুর ২টার ২০ মিনিটের দিকে আমাকে স্থানীয় একজন এসে জানান রেলঘুন্টি মিস্ত্রিপাড়া এলাকার রেললাইনে ফাটল দেখা দিয়েছে। সেই সময় তিতুমীর এক্সপ্রেসও ডোমার স্টেশনে পৌঁছায়। পরে ট্রেনটিকে ডোমার স্টেশনে আটকিয়ে রেখে রেললাইন মেরামত করা হয়।

তিনি জানান, এর আগেও সৈয়দপুর-চিলাহাটি রেললাইনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছিল।

চিলাহাটি রেলস্টেশনের আরএনবি ইউনিট ইনচার্জ মো. নেছারউজ্জামান জানান, রেললাইনের ৩৩৩/৪—৬ পিলারে এ ঘটনাটি ঘটে।