চার মাস পর সর্বোচ্চ করোনা রোগী

টানা চার মাস পর সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। এ সময় ৫০১টি নমুনা পরীক্ষা করে ২২ জন রোগী পাওয়া গেছে। রোগী অনুপাতে শনাক্তের হার ৪ দশমিক ৩৯ শতাংশ। এর আগে সমসংখ্যক রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ৭ সেপ্টেম্বর। সেদিন শনাক্তের হার ছিল ১ দশমিক ২৫ শতাংশ। এরচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ১ সেপ্টেম্বর, ২৫ জন।

এ বছরের শুরু থেকেই করোনার সংক্রমণ বাড়তে থাকে। বছরের প্রথম দিন শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯৭ শতাংশ। সেদিন রোগী শনাক্ত হয় ২০ জন। এরপর গত ৯ দিনের মধ্যে সর্বোচ্চ সংক্রমণের হার ছিল ৫ জানুয়ারি, ৪ দশমিক ৮০ শতাংশ।

এ নিয়ে এ বছর গত ৯ দিনে মোট ১৪৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগের মাসে ডিসেম্বরের শেষ ৯ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১০০ জন।

চার দিন পর ডেঙ্গুতে ১ মৃত্যু : টানা চার দিন মৃত্যুশূন্য থাকার পর উল্লিখিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকায় একজন মারা গেছেন। এর ফলে এ বছর মোট মৃত্যু দাঁড়াল ৪ জনে এবং তাদের সবার ঢাকার হাসপাতালে মৃত্যু হয়েছে। মৃতদের সবাই নারী। 

এই ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৪৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি হয়েছে ২৭ জন ও ঢাকায় ১৮ জন। এ নিয়ে ঢাকার বাইরে ডেঙ্গু রোগী ৩০০ ছাড়িয়ে ৩০১ জনে দাঁড়িয়েছে। ঢাকায় মোট রোগী ১৮৪ জন।