সেনা তৎপরতায় অপহৃত ৩ আওয়ামী লীগ কর্মী উদ্ধার

রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় এবং নির্বাচনে ভোটে প্রদান করায় অপহরণের শিকার তিন ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করা হয়েছে। রাঙামাটি সদর জোনের সেনা তৎপরতায় অপহৃতদের মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ছেড়ে দিতে বাধ্য হয় বলে জানা গেছে। 

অপহরণের পরপরই রাঙামাটি সদর জোন ও কাউখালী ক্যাম্পের সেনাবাহিনী অপহৃতদের উদ্ধারে বিশেষ তৎপরতা ও অভিযান পরিচালনা করে। অব্যাহত সেনা অভিযানে অপহরণকারীরা অপহৃতদের ছেড়ে দিতে বাধ্য হয়। অপহৃতরা হলেন চাখিয়াই মং মারমা (৩৫), বাদো মারমা (৩৩), এবং চিংথোয়াই গ্রুপ মারমা (৩৫)। সকলেই কলমপতি ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। সোমবার (০৮ জানুয়ারি) বিকেলে কাউখালি উপজেলার কলমপতি ইউনিয়নের দুর্গম বড় আমছড়ি এলাকা থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করা হয়। 

এই বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব চন্দ্র কর বলেন, আইনশৃঙ্খলা রক্ষীবাহিনীর সদস্যদের তৎপরতার কারণে অপহৃতদের ছেড়ে দেয় অপহরণকারীরা। গতকাল(মঙ্গলবার) সন্ধ্যায় (৯ জানুয়ারি) সাড়ে সাতটার দিকে তারা নিজেরাই কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসেন। তারা সবাই এখন নিজ বাড়িতে অবস্থান করছেন।