অদৃশ্য ওয়েব সিরিজ মুক্তির পর সামাজিক মাধ্যমে নিশাত প্রিয়মকে নিয়ে বেশ আলোচনা দেখা গিয়েছিল। এ সিরিজের সোনিয়া চরিত্রটি দর্শকের মনে আঁচড় কাটে। দর্শকরা যেমন সোনিয়াকে গ্রহণ করেছে, তেমনি বাস্তবেও এর প্রভাব লক্ষ করেছেন নিশাত প্রিয়ম। অনেকেই শুভেচ্ছায় ভাসিয়েছেন। ঠিক এই সিরিজ মুক্তি পেতেই উড়াল দেন অস্ট্রেলিয়ায়। প্রায় আড়াই মাস সেখানে থেকে কিছুদিন আগে দেশে ফিরেছেন সময়ের নজরবন্দি অভিনেত্রী।
এখন নতুন বেশ কিছু কাজ নিয়ে আলোচনার মধ্যে সময় কাটাতে হচ্ছে। শিগগির হয়তো নতুনরূপে দেখা যাবে তাকে। অস্ট্রেলিয়ায় কেন? নিশাত বললেন, আমার পরিবারের বেশির ভাগ সদস্য অস্ট্রেলিয়ায় থাকেন। তাদের সঙ্গে অনেক দিন দেখা হয় না। তাই গিয়েছিলাম। পরিবারের সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছি। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে বেড়াতে কখন যে আড়াই মাস কেটে গেছে বুঝিনি।
অদৃশ্য সিরিজে কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলতে নিশাত বলেন, সাফায়েত মনসুর রানা ভাই তো একজন দারুণ নির্মাতা। তার সঙ্গে কাজ করব এটা নিশ্চিত হওয়ার পর বেশ শঙ্কায় ছিলাম। একটা ভয় ছিল। তবে সেই ভয় কাটিয়ে উঠিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সোনিয়া চরিত্রটি ছিল বৈচিত্র্যময়, এতে নানা শ্যাডো ছিল। এটা ছিল আমার জন্য চ্যালেঞ্জ। চূড়ান্তভাবে হয়তো উতরে গেছি।
একেকটা কাজ করতে গিয়ে একেকজন শিল্পীর নানা ধরনের অভিজ্ঞতা হয়। এই সিরিজ করতে গিয়ে অপি করিমকে নতুনভাবে আবিষ্কার করেছেন নিশাত প্রিয়ম। তার ভাষ্য, অপি আপু আমার প্রিয় অভিনেত্রী ছিলেন। কিন্তু যখন এই কাজটা করতে গিয়েছি, তখন তাকে কাছ থেকে দেখেছি, ব্যক্তি অপুকে দারুণভাবে ভালোবেসেছি।
নিশাত প্রিয়মের পছন্দের অভিনয়শিল্পীর তালিকা শুধু অপিই নন, রয়েছেন আফরান নিশো। তার অভিনয় খুঁটিয়ে দেখেন। এ ছাড়া চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও জয়া আহসানও নিশাতের ভীষণ প্রিয়। আর দেশের বাইরের? হ্যাঁ, দেশের বাইরের বেশ কজনকে নিশাতের ভালো লাগে। তাদের মধ্যে রয়েছেন তাপসী পান্নু, রাধিকা আপ্তে, রাজকুমার রাও ও আয়ুষ্মান খুরানা। অবসর পেলে তাদের সিরিজ ও মুভি দেখেন।
নিশাত অবসর পেলে ভীষণ অলস জীবন যাপন করেন। এমন সহজ স্বীকারোক্তি দিয়ে বললেন, বাইরে বেরোতে একদম ইচ্ছে করে না। এ সময়টা আমি প্রচুর বই পড়ি। সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রায় সব বই পড়ে ফেলেছি। এ ছাড়া হুমায়ূন আহমেদ তার পছন্দের একজন।
অভিনয়ের মাধ্যম নিয়ে নিশাতের কোনো ভেদ নেই। সেটা ওটিটি হোক, নাটক কিংবা চলচ্চিত্র। ভালো গল্প, ভালো চিত্রনাট্য আর নিজেকে প্রমাণের সুযোগ যেখানে রয়েছে, সেটাই করতে চাই। চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে কার না থাকে, ওই যে বললাম, গল্প ভালো হলে চলচ্চিত্রে কাজ করব।