পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলায় একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসীদের হামলায় তিন পুলিশ সদস্যসহ চার জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
স্থানীয় সময় বুধবার গভীর রাতে সিন্ধু হাইওয়ের লাচি টোল প্লাজার কাছে পুলিশ চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে। খবর জিও নিউজ ও দ্য ডন।
পাকিস্তান পুলিশের এক বিবৃতিতে বলা হয়, বুধবার রাতে ১০ জনেরও বেশি সন্ত্রাসী লাচি টোল প্লাজা এবং নিরাপত্তা চেকপোস্টে হামলা চালিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজনকে হত্যা করে।
পুলিশ এবং পাকিস্তান সেনাবাহিনীর বেশ কয়েকটি দল পুরো এলাকাটি ঘেরাও করে রেখেছে এবং সন্ত্রাসীদের খুঁজে বের করতে ইতিমধ্যে অনুসন্ধান অভিযান শুরু করেছে।
দেশটির পুলিশের এক সূত্র জানিয়েছে যে, সন্ত্রাসীরা কাছাকাছি পাহাড়ি এলাকায় লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতদের মধ্যে তিনজনই পুলিশ সদস্য এবং একজন লাকি মারওয়াতের বাসিন্দা।
চেকপোস্টে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। পাকিস্তান থেকে সন্ত্রাসবাদকে সম্পূর্ণরূপে নির্মূল করতে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
এই সপ্তাহের শুরুর দিকে, বাজাউর জেলার মামন্ড তহসিলে পোলিও ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের গাড়িতে হামলার মাত্র দুই দিন পর এই ঘটনা ঘটল। ওই হামলায় অন্তত পাঁচজন পুলিশ সদস্য নিহত হন।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানি জেলাগুলিতে হামলার ঘটনা বেড়েছে বলছে পাকিস্তান কর্তৃপক্ষ।