সাভারে চাঁদা তোলার সময় আব্দুর রাজ্জাক (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে সাভার বাজার বাস স্ট্যান্ডের ভরসা মার্কেটের সামনে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গ্রেপ্তার রাজ্জাক দিনাজপুর জেলার চিনির বন্দর থানার হাসিমপুর মহল্লার মনসুর আলী ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভরসা মার্কেটের সামনে রাস্তার পাশে দোকান বসিয়ে ও বিভিন্ন অটোরিকশা থেকে চাঁদা আদায় করে আসছিল একটি চক্র। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও ফুটপাতের প্রতিটি দোকান থেকে চাঁদা তুলছিলেন আব্দুর রাজ্জাকসহ চক্রটির ৪/৫ জন সদস্য। তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মোকলেস নামে এক ফল ব্যবসায়ীকে মারতে উদ্যত হয় ও জোরপূর্বক ৭০ টাকা চাঁদা নেয়।
এ ঘটনায় আশপাশের লোকজনের সহযোগিতায় রাজ্জাককে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ভুক্তভোগী। এ সময় তার কাছ থেকে চাঁদা হিসেবে তোলা ২২৪০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক বলেন, তিনি বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মন্ডল ও তার আত্মীয় রুবেল মন্ডলের হয়ে নিয়মিত চাঁদা কালেকশন করেন। ফুটপাতের বিভিন্ন দোকান থেকে ৪০, ৭০ ও ২০০ টাকা হারে চাঁদা উঠাতেন তিনি। প্রতিটি অটোরিকশা থেকে ১০ টাকা করে দিনে দুইবার চাঁদা তুলতেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, রাজ্জাককে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। চাঁদাবাজি বন্ধে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।