এবার খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা নির্বাচনের খেলা শেষ করেছি। এবার শুরু হবে আমাদের খেলা।

বুধবার (১০ জানুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা এখন নতুন খেলায় নেমেছি। এখন খেলা হবে রাজনীতির খেলা। এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। এবার খেলা হবে দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এবার খেলা হবে সন্ত্রাস, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে।

তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে বিএনপি ভুয়া, তাদের এক দফা ভুয়া। বিএনপির বর্তমান ভুয়া, ভবিষ্যতও ভুয়া। তাদের কোনো ভবিষ্যৎ নেই, চারদিকে শুধুই অন্ধকার।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, কে বলে বঙ্গবন্ধু তুমি নেই, তুমি আছো বাংলার শ্রমিকের হাতুড়ি, তুমি আছো বাংলার লাঙ্গলে, মাঝি মাল্লার ভাটিয়ালি গানে। যতদিন লাল সবুজের পতাকা পতপত করে উঠবে, যতদিন চন্দ্র সূর্য উদয় হবে, যতদিন পাখিরা গান গাইবে, যতদিন বাংলায় নদীর কলতান থাকবে, ততদিন বঙ্গবন্ধু তুমিও থাকবে অমর স্থান প্রেমের আসনে।