আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় চমক  ডা. সামন্ত

আওয়ামী লীগ সরকারের মন্ত্রীসভায় ডাক পেয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। আজ বুধবার নতুন মন্ত্রিসভার সদস্য হওয়ার শপথ নিতে ফোন পেয়েছেন তিনি। 

ডা. সামন্ত ১৯৪৯ সালের ২৪ নভেম্বর তৎকালীন পূর্ববঙ্গের সিলেটের হবিগঞ্জের নাগুরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জিতেন্দ্র লাল সেন। 

ডা. সামন্ত স্বতন্ত্র বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ১৯৮০ সাল থেকে। এই ইনস্টিটিউট কেন করা প্রয়োজন, সেটা বোঝাতে গিয়ে তাচ্ছিল্য, উপেক্ষা আর অপমান সইতে হয়েছিল। এমন কথাও শুনতে হয়েছিল, ‘ধান্দায় নেমেছে। টাকা নিয়ে কলকাতার লেক সার্কাসে বাড়ি বানাবে।’ ৫০০ শয্যার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পোড়া রোগীর চিকিৎসায় শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। 

চিকিৎসা সেবার এই লড়াকু স্বপ্নবাজ এদেশের আগুনে পোড়া মানুষের কাছে ভগবানের মতো। আগুনে পোড়া রোগীদের নিয়ে কাজ করে তিনি বিশ্বে স্বীকৃতি পেয়েছেন। ২০১৪ সালে যখন দেশে জ্বালাও পোড়াও আন্দোলন চলছিল তখন রাতদিন এক করে কাজ করেছিলেন ডা. সামন্ত। 

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে পরিচিত সামন্ত লাল। তার কাজের স্বীকৃতি হিসেবে তিনি আওয়ামী লীগের মন্ত্রিসভায় এবার জায়গা পেলেন।