নতুন মন্ত্রিসভায় এবার স্থান পাচ্ছেন ৩৬ সদস্য। এদের মধ্যে পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হচ্ছেন ১১ জন। মন্ত্রিপরিষদ গঠনের জন্য ইতোমধ্যে ফোন দেওয়া হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
মন্ত্রিপরিষদ সচিবালয় থেকে পাওয়া তালিকায় অনেক নতুন নাম দেখা গেছে। এদিকে ওই তালিকায় ঠাঁই পাননি বর্তমান মন্ত্রিপরিষদের প্রভাবশালী কয়েকজন মন্ত্রী। এদের মধ্যে আছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল জব্বার, বস্ত্র ও পাট মন্ত্রণালয় গোলাম দস্তগীর গাজী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
এ ছাড়াও হেভিওয়েটদের মধ্যে বাদ পড়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
প্রধানমন্ত্রীসহ ৪৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী রয়েছেন বর্তমান মন্ত্রিসভায়। এর মধ্যে ২৩ জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী ও ৩ জন উপমন্ত্রী।
দ্বাদশ নির্বাচনে মনোনয়ন না পাওয়া ৪ জন ও মনোনয়ন পেয়ে পরাজিত হওয়ার মধ্য দিয়ে ৩ জন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে এমনিতেই মন্ত্রিসভা থেকে বিদায় নিয়েছেন। নির্বাচনের তফসিল ঘোষণার পর বিদায় নিয়েছেন টেকনোক্র্যাট দুই মন্ত্রী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা।
নির্বাচন করে পরাজিত হয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এবং বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।
নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারাই হবে দেশের নতুন সরকার। শপথ নেয়া পর্যন্ত আগের মন্ত্রিসভা বহাল থাকবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে আগের মন্ত্রিসভা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।