ফোন পেয়ে আমার চোখে জল চলে আসে: আব্দুস শহীদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে সরকার। নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ। ১৯৯১ সাল থেকে প্রতিটি সংসদীয় নির্বাচনে মো. আব্দুস শহীদ জয়লাভ করে আসছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ৭ বারের সংসদ সদস্য বরেণ্য এই রাজনীতিক দেশ রূপান্তরকে বলেন, এটা অত্যন্ত আবেগময় একটা মুহুর্ত। যখন আমাকে মন্ত্রিসভার বিষয়টি ফোনে জানানো হয়, তখন খুশিতে আমার চোখে জল চলে আসে। 

তিনি বলেন, এখনও শপথ নেওয়া হয়নি মন্ত্রণালয় বণ্টন হয়নি। দায়িত্ব নেওয়ার পর আমার লক্ষ্য হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে মন্ত্রীসভায় জায়গা দিয়েছেন তা পূরণ করা।

উপাধ্যক্ষ আব্দুস শহীদ সিলেটের রাজনীতিতে তিনি সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে পরিচিত।

মৌলভীবাজার-৪ আসন থেকে ১৯৯১ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন উপাধ্যক্ষ আব্দুস শহীদ। একই আসন থেকে এরপর ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালে নির্বাচিত হন। ২০০৯- ২০১৪ পর্যন্ত তিনি জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১- ২০০৬ পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ, এবং ১৯৯৬- ২০০১ পর্যন্ত জাতীয় সংসদে হুইপের দায়িত্ব পালন করেন।