বাংলাদেশ শিশু একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। গতকাল বুধবার এ উপলক্ষে সেখানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম বলেন, ‘যিনি স্বাধীনতার জন্য এত ত্যাগ-তিতিক্ষায় নিজের জীবনটা উৎসর্গ করেছিলেন, সেই বঙ্গবন্ধু যদি আমাদের মধ্যে ফিরে না আসতেন, তাহলে আমাদের স্বাধীনতাই বৃথা হয়ে যেত।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের দেশ সম্পর্কে, ইতিহাস সম্পর্কে জানাতে হবে। বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানা মানে বাংলাদেশকে জানা, বাংলাদেশকে জানলেই বঙ্গবন্ধুকে চেনা যাবে আর বঙ্গবন্ধুকে চেনা মানে বাংলাদেশকে চেনা।’
এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার অতিরিক্ত সচিব প্রভাষ চন্দ্র রায়, যুগ্ম সচিব শাহনাজ বেগম নীনা, ডিএনএ অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ এম পারভেজ রহিম এবং জয়ীতা ফাউন্ডেশন ও দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আলোচনা অনুষ্ঠান শেষে শিশু একাডেমির শিশুশিল্পীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও গান পরিবেশিত হয়।