রাঙ্গামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় এবং নির্বাচনে ভোট দেওয়ায় অপহরণের শিকার তিন ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করা হয়েছে। অপহরণের পরপরই রাঙ্গামাটি সদর জোন ও কাউখালী ক্যাম্পের সেনা সদস্যরা গত মঙ্গলবার তাদের উদ্ধার করেন।
কাউখালী থানার ওসি রাজীব চন্দ্র কর জানান, গত সোমবার বিকেলে উপজেলার কলমপতি ইউনিয়নের দুর্গম বড় আমছড়ি এলাকা থেকে চাখিয়াই মং মারমা (৩৫), বাদো মারমা (৩৩) এবং চিংথোয়াই প্রু মারমাকে (৩৫) ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা। তারা সবাই কলমপতি ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
পরে সেনাবাহিনী তাদের উদ্ধারে তৎপর হয়ে ওঠে। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় তারা নিজেরাই কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে আসেন। তারা সবাই এখন নিজ বাড়িতে অবস্থান করছেন।
ওসি রাজীব বলেন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের তৎপরতার কারণে অপহৃতদের ছেড়ে দেয় অপহরণকারীরা।