পাঁচবারের এমপি দুই কেন্দ্রে পেলেন শূন্য ভোট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসনে ১৪৪টি ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। টানা পাঁচবারের এমপি ও দুবারের হুইপ আতিউর রহমান আতিক আসনটির ১৪৪টি ভোটকেন্দ্রের চারটি কেন্দ্রে মাত্র দুটি ভোট পেয়েছেন। এর মধ্যে দুই কেন্দ্রে পাননি কোনো ভোট। আর অন্য দুটি কেন্দ্রে পেয়েছেন মাত্র একটি করে।

সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং বাঘেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কোনো ভোট পাননি আতিক। এ ছাড়া ওই একই ইউনিয়নের নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটি করে ভোট পেয়েছেন তিনি।

জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বাঘেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৭৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এতে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ছানুয়ার হোসেন ছানু পেয়েছেন ২ হাজার ৯৩২ ভোট। বাকি ভোট অন্যান্য প্রার্থীরা পেলেও নৌকা প্রতীকের প্রার্থী পাঁচবারের সংসদ সদস্য আতিক এখানে একটি ভোটও পাননি।

অন্যদিকে বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩ হাজার ৩৮৫ জন ভোটার।