ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নয়ন মৃধা (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন মৃধা বরিশালের বানারীপাড়া থানার মাদারকাঠি গ্রামের মান্নান মৃধার ছেলে। তিনি টঙ্গী এলাকার একটি কারখানায় কাজ করতেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে নয়ন মৃধা বরিশাল থেকে কর্মস্থল টঙ্গীর উদ্দেশ্যে বাসে করে রওনা দেন। গতকাল সকালে তিনি টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বাস থেকে নামলে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে। একপর্যায়ে ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. সাখাওয়াত হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।