দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের ফলাফলের গেজেট প্রকাশের ওপর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত হয়ে গেছে। একই সঙ্গে এই আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) মো. আওলাদ হোসেনকে অবিলম্বে শপথ পড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদ সচিবালয়কে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। গতকাল বুধবার চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। ৭ জানুয়ারি নির্বাচনে ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষে ঢাকা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) আওলাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পান ২৪ হাজার ৭৭৫ হাজার ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সানজিদা খানম পান ২২ হাজার ৫৭৭ ভোট। তবে নিজের কর্মী-সমর্থকদের মারধর, ফলাফলের কাগজে (রেজাল্টশিট) সানজিদার পোলিং এজেন্টদের স্বাক্ষর না থাকাসহ ১৮টি কেন্দ্রে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে এই কেন্দ্রগুলোতে পুনরায় ভোটের দাবি জানিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেন সানজিদা খানম। এতে সাড়া না পেয়ে ওই আসনের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।
গত মঙ্গলবার হাইকোর্ট ১৮টি কেন্দ্রে অনিয়মের বিষয়ে তদন্ত করতে ইসিকে নির্দেশ দিয়ে ওই আসনের ফলাফলের গেজেটের ওপর স্থগিতাদেশ দেয়। পরে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করেন আওলাদ হোসেন। তার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। সানজিদা খানমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক ও মোতাহার হোসেন সাজু। অ্যাডভোকেট খুরশীদ দেশ রূপান্তরকে বলেন, ‘চেম্বার আদালতের এ আদেশের ফলে আওলাদ হোসেনের শপথ নিতে ও সংসদে যেতে কোনো বাধা নেই।’