ঝিনাইদহের মহেশপুরে অস্ত্র গুলি উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মকরধ্বজপুর গ্রামের একটি কলাবাগান থেকে চারটি অস্ত্র ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার বিকেলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন কয়েকজন  চোরাকারবারি প্লাস্টিকের বস্তায় করে ভারত থেকে বিশেষ কিছু নিয়ে আসছে। এমন খবরে একটি বিশেষ টহল দল দুইভাবে বিভক্ত হয়ে সীমান্ত পিলার ৫৩/১ এস থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মকরধ্বজপুর গ্রামের কলা বাগানের মধ্যে দুটি পৃথক স্থানে অ্যাম্বুশ নিয়ে অবস্থান করে। সে সময় চোরকারবারিরা বিজিবির অবস্থান টের পেয়ে তাদের হাতে থাকা বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিজিবি টহল দল ঘটনাস্থল তল্লাশি করে প্লাস্টিকের বস্তাটি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাটি খুলে কম্বলের ভাঁজের মধ্যে অভিনব কায়দায় আট রাউন্ড অ্যামোনিশন একটি অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ চারটি পিস্তল উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।