জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় কুপির আগুনে পুড়ে নুর ভক্ত মন্ডল (৪৫) নামে এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামে নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা যান নুর ভক্ত মন্ডল। তিনি বিনোদচর গ্রামের সওদাগর মন্ডলের ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে মানসিক রোগে ভুগছিলেন নুর ভক্ত মন্ডল। ঘটনার দিন সন্ধ্যায় নিজ ঘরের মেঝেতে বিছানা করে শুয়ে পড়েন তিনি। বিছানার পাশে কুপির আগুন জ্বালানো ছিল। হঠাৎ কুপিটি বিছানায় পড়ে গেলে কিছুক্ষণের অগ্নিদগ্ধ হন তিনি। এ সময় স্থানীয়রা দ্রুত পানি দিয়ে আগুন নেভালেও ঘটনাস্থলেই মারা যান প্রতিবন্ধী নুর ভক্ত মন্ডল।
খবর পেয়ে বকশিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিন উল হক, বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান, দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন কান্তি চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন।
মৃত্যুর ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনুর রহমান তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা ও ভুক্তভোগীর পরিবারের মাঝে শীতবস্ত্র প্রদান করেন।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, অসাবধানতাবশত কুপির আগুনে পুড়ে মারা যান তিনি। পরিবারের কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।