ভারতের দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির গাড়ি। তবে বৃহস্পতিবার দুপুরের ওই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) সভানেত্রী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
দুর্ঘটনায় মেহবুবা মুফতির গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তিনি কোনো আঘাত পাননি বলে পিডিপি জানিয়েছে। তবে তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। দুর্ঘটনাস্থলের ছবি থেকে দেখা যায়, অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর মেহবুবা মুফতিকে বহনকারী গাড়ির বনেট ভেঙে চুরমার হয়ে যায়।
জানা গেছে, মেহবুবা মুফতি তার প্রাক্তন লোকসভা নির্বাচন কেন্দ্র অনন্তনাগে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনার মুখে পড়ে তার গাড়ি।
মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা এক্স হ্যান্ডলে দুর্ঘটনার খবর জানিয়ে লিখেছেন, ‘মিসেস মুফতির গাড়ি আজ অনন্তনাগে একটি ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। সৃষ্টার কৃপায় তিনি এবং তার নিরাপত্তা কর্মীরা কোনো গুরুতর আঘাত ছাড়াই রক্ষা পেয়েছেন।’