রাজধানীর গোপীবাগে গত ৫ জানুয়ারি ট্রেনে আগুন দেওয়ার পর থেকে বন্ধ ছিল ‘বেনাপোল এক্সপ্রেস’। ৫ দিন পর ১৪১ জন যাত্রী নিয়ে আবারও ঢাকার উদ্দেশে বেনাপোল ছেড়ে গেছে ট্রেনটি।
আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে ট্রেনটি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলস্টেশন ম্যানেজার শাহিদুজ্জামান।
তিনি বলেন, ৫ দিন পর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চালু করা হয়েছে। বৃহস্পতিবার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকার কথা থাকলেও আজ ট্রেনটি চালু করা হয়েছে। দুপুর ১টার দিকে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি। আবার আজ রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসবে। পৌঁছবে পরের দিন সকাল ৭টায়।
গত ৫ জানুয়ারি ঢাকার গোপীবাগে রাতে যাত্রীবাহী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়ে নাশকতা চালানে হয়। এতে দগ্ধ হয়ে ৪ জন মারা যান। আহত হয় অন্তত ২০ জন। ফলে রেল কর্তৃপক্ষ অনির্দিস্টকালের জন্য ঢাকা বেনাপোলের মধ্যে রেল চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেয়। ৭ জানুয়ারি নির্বাচন শেষ হওয়ায় আবারও ১১ জানুয়ারি থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেন চলাচলের ঘোষণা দেশ রেল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বেলা ১টায় ১৪১ জন যাত্রী নিয়ে বেনাপোল রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় বেনাপোল এক্সপ্রেস ট্রেন। প্রথম দিনেই ৮৩২টি টিকিট বিক্রি হয়েছে বলে জানান শাহিদুজ্জামান। বিভিন্ন স্টেশন থেকে এসব যাত্রী উঠবে বলে জানান তিনি।