মোমো খেতে গিয়েছিলেন এক ব্যক্তি। কিন্তু অতিরিক্ত চাটনি চাইতেই বিক্রেতার ছুরির কোপে জখম হতে হলো ক্রেতাকে। সম্প্রতি এমনই একটি বিচিত্র ঘটনার সাক্ষী হলো ভারতের রাজধানী দিল্লি।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আহত ব্যক্তির নাম সন্দীপ (৩৪)। একটি ছোট সংস্থার মালিক তিনি। গিয়েছিলেন মোমো খেতে। বিক্রেতা বিকাশের কাছে অতিরিক্ত চাটনি চাইতেই দুজনের মধ্যে ঝগড়া হয়। ক্রমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে বিক্রেতা বিকাশ ছুরি বের করে চড়াও হন সন্দীপের ওপর। এরপর দ্রুত পালিয়ে যান তিনি। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে এফআইআর দায়ের করেছে। বিকাশের বিরুদ্ধে আনা হয়েছে হত্যা চেষ্টার অভিযোগ।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও তার খোঁজ মেলেনি। তদন্তে নেমে আরও একজনের সন্ধান পেয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি বিকাশকে সাহায্য করেছিলেন। তাকে খুঁজছেন তদন্তকারীরা।
এদিকে ভারতের এমন তাৎক্ষণিক বিবাদ ও সেখান থেকে হামলার ঘটনা যেন ক্রমেই বাড়ছে। ধারণা করা হচ্ছে, পারিপার্শ্বিক চাপ থেকে ব্যক্তিগত জীবনের কোনো অবসাদ অনেক সময় এমন অপরাধে অনুঘটকের কাজ করে। ফলে আচমকাই ঘটে যায় অনভিপ্রেত রক্তারক্তির ঘটনা।