আ. লীগ কার্যালয়ে ভাঙচুর: ভেদরগঞ্জের ৭ ছাত্রলীগ নেতা বহিষ্কার

সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, সংগঠনের মর্যাদা ক্ষুন্ন ও অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় শরীয়তপুরের ভেদরগঞ্জের ৭ ছাত্রলীগ নেতাকে স্থায়ী বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার করা হয়েছে। 

বহিষ্কৃতরা হলেন- ভেদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রান্ত মাদবর, সদস্য তন্ময়, ভেদরগঞ্জের সরকারি এম এ রেজা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি আসিফ সিকদার, পরিবহন ও যোগাযোগ সম্পাদক শফিকুল ইসলাম সঞ্জু, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক রোহান দেওয়ান, ভেদরগঞ্জ পৌরসভার ৮নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রায়হান খান ও ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার মৃধা।

গত ৭ জানুয়ারি ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও সরকারি এমএ রেজা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের তিন নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগে পরের দিন ৮ জানুয়ারি ওই ছাত্রলীগ নেতাদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকে সুপারিশ করে জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ বলেন, নির্বাচনের দিন ভোট গণনা শেষে ভেদরগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামী লীগের অফিসে বসেছিলেন। তখন অন্তত ১৫ থেকে ২০ জন  ব্যক্তি এসে কলেজ ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের ওপর অতর্কিত হামলা করে ও আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করে। হামলাকারীদের মধ্যে যারা ছাত্রলীগের পদধারী, তাদের স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করেছিলাম। বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন। যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের জায়গা এখানে নেই।