রংপুরের পীরগঞ্জে এমপিওভুক্তির নির্দেশপ্রাপ্ত ছাতুয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন মুকুলকে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জালিয়াতি করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার রংপুর অঞ্চলের শিক্ষা বিভাগের উপপরিচালকসহ কর্তৃপক্ষকে সাময়িক বরখাস্তের কপি পাঠানো হয়।
অভিযোগে জানা গেছে, পীরগঞ্জ উপজেলার টুকুরিয়া ইউনিয়নের ছাতুয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি কিছুদিন আগে এমপিওভুক্তির জন্য সুপারিশপ্রাপ্ত হয়। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরমান হোসেন মুকুল তার ম্যানেজিং কমিটির সভাপতির স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া রেজল্যুশনে নিজেকে প্রধান শিক্ষক হিসেবে কাগজপত্র তৈরি করেন। এরপর তিনি গত ৭ অক্টোবরে এমপিওভুক্তির জন্য তার পদসহ তিনজনের বেনবেইজ ফরম পূরণ করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে জেলা শিক্ষা অফিসে পাঠান। আবেদনটি রংপুর অঞ্চলের শিক্ষা বিভাগের উপপরিচালকের কাছে গেলে জালিয়াতির খবর প্রকাশ হয়ে পড়ে।