শিক্ষামন্ত্রী

আগের ধারাবাহিকতা মেনেই চলবে শিক্ষা মন্ত্রণালয়

নতুন সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আগের ধারাবাহিকতা রক্ষা করেই শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করব। বৃহস্পতিবার ১১ জানুয়ারি বনানীর বাসায় তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী আমাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এর আগে এই মন্ত্রণালয়ে পাঁচ বছর শিক্ষামন্ত্রী ছিলেন ডা. দীপু মনি। তার সঙ্গে খুবই ঘনিষ্ঠ ভাবে কাজ করেছি। এর ধারাবাহিকতা আমরা বজায় রাখব। আমরা শিক্ষা পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে পথ চলার পরিকল্পনাগুলো করব। 

তিনি আরও বলেন, আজকে কোন চ্যালেঞ্জের কথা বলতে চাই না। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করেছেন। তিনি ২০০৯ সাল থেকে শিক্ষায় অনেক বিনিয়োগ করেছেন। শিক্ষায় ব্যাপক উন্নয়ন হয়েছে এবং রূপান্তরের কাজ চলমান আছে। সেই চলমান কাজ আমরা এগিয়ে নিতে চাই। আজ চ্যালেঞ্জের কথা নয় চ্যালেঞ্জ আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট জনগণ সৃষ্টির পথে আমরা হাঁটছি সেই ট্রান্সফর্মেটিভ কাজগুলোকে এগিয়ে নেওয়া। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর নওফেল বলেন, শিক্ষায় রূপান্তরের যে কাজগুলো চলছিল তা নিয়ে যে অপপ্রচার হচ্ছে, গুজব রটানো হচ্ছে, দুরভিসন্ধি মূলক কাজগুলো হচ্ছে সেগুলোতে যেন আমরা কান না দেই, সেগুলোকে যেন আমরা প্রতিহত করি। আমরা ধৈর্য ধরে দেখি কীভাবে এই রূপান্তরের কাজটা আমাদের এগিয়ে নিয়ে যাবে।