ভবন থেকে লাফিয়ে পড়ে গৃহবধূর মৃত্যু

রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে ভবন থেকে লাফিয়ে পড়ে হামিদা আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ৩ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন তিনি।

আজ শুক্রবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার মহিষাশী গ্রামে। বাবার নাম মৃত আব্দুল হান্নান। বর্তমানে স্বামী পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের সাথে মতিঝিল এজিবি কলোনির ৩ নম্বর ভবনে থাকতেন।

হাসপাতালে স্বামী পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন জানান, এক ছেলে ও এক মেয়ের জননী হামিদা। তিন বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। তাকে দেখাশোনার জন্য বাসায় হামিদার মা-ও থাকেন।

সাদ্দাম জানান, সকালে তিনি গোসল করে বের হয়ে দেখেন, হামিদা বাসায় নেই। তখন সন্দেহ হলে বারান্দার গ্রিলের পকেট দিয়ে নিচে তাকিয়ে দেখেন, ভবনের নিচে পড়ে আছেন হামিদা। সঙ্গে সঙ্গে তার নিচে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে পুলিশে খবর দেন তারা।

মতিঝিল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশ কনস্টেবলের স্ত্রী হামিদা কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। সকালে বাসার গ্রিলের পকেট দিয়ে তিনি নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।