নতুন সরকারের সামনে ৩ চ্যালেঞ্জ

নতুন সরকারের সামনে রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ইশতেহার বাস্তবায়নই আমাদের মূল টার্গেট।

আজ শুক্রবার (১২ জানুয়ারি) সকালে নতুন মন্ত্রিপরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।

নতুন সরকারের সামনে কী চ্যালেঞ্জ থাকছে- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, চ্যালেঞ্জ আসলে, রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক। সামনে এই তিনটি চ্যালেঞ্জ রয়েছে। এই তিনটি খাতে বিশ্ব সংকটের যে বাস্তবতা তার প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে মুক্ত করা অত সহজ কাজ না।

ওবায়দুল কাদের বলেন, আমার বিশ্বাস শেখ হাসিনার মতো নেতৃত্ব যে দেশে আছে, সে দেশ এগিয়ে যাবে। স্মার্ট বাংলাদেশ আমাদের লক্ষ্য। তিনি বলেন, আমাদের দেশের চলার পথ কখনো পুষ্প বিছানো ছিল না, আমাদের চলার পথ জন্ম থেকে এ পর্যন্ত কণ্টকাকীর্ণই ছিল। কাজেই এই পথ আমরা অতিক্রম করে, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখন বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ব।