রাজধানীর ডেমড়া এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমড়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুটার দিকে নড়াইবাগ কাউয়াটঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, শফিকুল ইসলাম অভি ও মো. রাকিব। ডেমড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডেমড়া থানার নড়াইবাগ কাউয়াটঙ্গী সাইফুল উলূম মাদ্রাসার সামনে কয়েকজন লোক অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শফিকুল ও রাকিবকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দুইটি মোবাইল জব্দ করা হয়। এ বিষয়ে ডেমড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।