জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করেছে : খেলাফত মজলিস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী। তিনি বলেন, এই নির্বাচন কোনো ভালো নির্বাচন হয়নি। জনগণ এই নির্বাচন মানে না, জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। ২৬ জনের যে মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে, জনগণ তা মানে না।

আজ শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

আহমদ আলী কাসেমী বলেন, এই নির্বাচনে নির্বাচিত সরকারকে জনগণ পাঁচ বছর কেন, পাঁচ দিনও দেখতে চায় না। সরকারকে অবিলম্বে পদত্যাগ করে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। জনগণের নির্বাচন প্রতিষ্ঠা করার জন্য আমাদের মাঠে থাকতে হবে। জনগণের নির্বাচন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

সমাবেশে খেলাফত মজলিসের আমীর আব্দুল বাছিত আজাদ বলেন, গত ৭ জানুয়ারি দেশে একটি তামাশার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে তফসিল ঘোষণা থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত সব কিছুতেই জাতির সঙ্গে তামাশা হয়েছে। ভোটকেন্দ্রে প্রকৃত ভোটারের গড় উপস্থিতি একেবারেই কম ছিল। পিঠা—ভাগাভাগির এই নির্বাচনে সরকারি দল নিজেদের মধ্যেও ভাগাভাগি সুষ্ঠুভাবে করতে পারেনি। যার কারণে স্বতন্ত্র বা ডামি প্রার্থীরা হাইকোর্টে পর্যন্ত রিট করেছেন এবং নির্বাচন বয়কট করেছে।

তিনি বলেন, জনগণ এই নির্বাচন প্রত্যাখ্যান করে ভুল করে নাই। ৭ জানুয়ারি সরকার নয়, জনগণের বিজয় হয়েছে। বিজয়ী জনগণের হাতে ক্ষমতা দিতে হবে। প্রতিনিধিত্বশীল দলগুলোকে বাদ রেখে সরকার প্রহসনের নির্বাচনের মাধ্যমে যে সংসদ ও মন্ত্রিসভা গঠন করেছে তার বৈধতা জনগণ দেবে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, কেন্দ্রীয় প্রকাশনা ও প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, ঢাকা মহানগর উত্তর সভাপতি সাইফুদ্দিন আহমদ খন্দকার, ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হক প্রমুখ।