লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র পরিচালিত হামলায় ইয়েমেনে পাঁচ জন হুতি সদস্য নিহত এবং আরও ছয় জন আহত হয়েছে। শুক্রবার হুতি বিদ্রোহীদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক ভাষণে বলেছেন, এসব হামলায় আমাদের সশস্ত্র বাহিনীর পাঁচ সদস্য শহীদ হয়েছে ও অপর ছয় জন আহত হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে হুতি। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে চরম মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেছে দলটির এক কর্মকর্তা।
এদিকে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে হুতিরা জানিয়েছে, বিমানঘাঁটিসহ অন্তত পাঁচটি স্থানে হামলা চালানো হয়েছে।
অপরদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে তাদের সম্মিলিত অভিযানের উদ্দেশ্য হলো ‘লোহিত সাগরে স্থিতিশীলতা’ ফিরিয়ে আনা।
এর মধ্যেই চীন জানিয়েছে, তারা লোহিত সাগরে অস্থিরতা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। যেহেতু এই হামলার খবর ছড়িয়ে পড়ার পর তেলের দাম দুই শতাংশ বেড়েছে।
অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, লোহিত সাগরের রুটটি একটি গুরুত্বপূর্ণ জলপথ। সেখানে এমন হামলা বৈশ্বিক বাণিজ্যে মারাত্মক ব্যাঘাত ঘটিয়েছে। ফলে শুক্রবার অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ব্যারেল প্রতি ৪% বেড়ে ৮০ ডলারেরও বেশি দামে বিক্রি হচ্ছে।