অষ্টম বিয়ে করতে চান ১১২ বছরের বৃদ্ধা!

বিয়ের পিঁড়িতে বসেছেন একে একে সাত বার। পাঁচ সন্তান, ১৯ জন নাতি-নাতনিকে নিয়ে তার ভরা সংসার। শুধু তা-ই নয়, তার নাতি-নাতনিদের সন্তানের সংখ্যাও ৩০। তবুও আরেকবার বিয়ে করতে চান সিতি হাওয়া হুসেন। আর তা ১১২ বছর বয়সে!

যে বয়সে বেঁচে থাকাই বিরল ঘটনা, সেই বয়সে আবারও বিয়ে করতে চাওয়ায় খবরের শিরোনামে মালয়েশিয়ার এই নাগরিক। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সিতি হাওয়া হুসেনের কাছে বয়স শুধুই একটি সংখ্যা। এখনও নিজের মতো করে বাঁচার প্রবল ইচ্ছা রয়েছে তার।

বয়সের কাঁটা ১০০ পেরোলেও আজও তিনি শারীরিক ও মানসিকভাবে বেশ সক্রিয়। কারও সাহায্য ছাড়াই একা হাঁটতে-চলতে পারেন। করতে পারেন সব রকম কাজ। বিশেষ কোনো শারীরিক সমস্যাও নেই। তবে আজকাল শুধু একাকিত্বে ভোগেন। আসলে তার প্রিয়জনেদের মধ্যে অনেকেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

অন্যদিকে এই বয়সেও কীভাবে বেঁচে রয়েছেন, তা নিয়ে বিস্ময় কম নেই সিতি হাওয়া হুসেনের। জানা গেছে, শুধু একাকীত্ব কাটাতেই অষ্টম বিয়ের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

তার এক নাতনি জানিয়েছেন, সিতি হাওয়া হুসেন নিজে নিজেই খেতে পারেন। তবে বয়সের ভারে মাঝে মধ্যে অনেক কিছু ভুলে যান। যদিও নতুন ঘটনা ভুলে গেলেও পুরনো অনেক বিষয়ই তার মনে থাকে।