দুমাস কারাভোগের পর গতকাল শুক্রবার দুপুরে গাজীপুর জেলা কারাগার থেকে বাসন থানা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম মনিরসহ স্থানীয় বিএনপির পাঁচ নেতা জামিনে মুক্তি লাভ করেছেন।
মুক্তিপ্রাপ্ত অন্যরা হলেন বাসন থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিলন হোসেন, সদস্য এসএম শামীম, মো. রবিউল ইসলাম, বাসন থানা ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোশারফ হোসেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ২০২৩ সালে বিস্ফোরক দ্রব্য আইনের দুটি করে মামলা রয়েছে। তারা ৮ জানুয়ারি হাইকোর্ট থেকে জামিন লাভ করেন।
আসামি পক্ষের আইনজীবী (গাজীপুর জজকোর্টের) মো. সোহেল রানা জানান, গত ৮ জানুয়ারি হাইকোর্ট থেকে বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় মনিরুল ইসলামসহ পাঁচজন ও গাজীপুর আদালত থেকে বিশেষ ক্ষমতা আইনের অপর দুটি মামলায় মনিরুল ইসলাম যথাক্রমে ৯ ও ১১ জানুয়ারি জামিন লাভ করেন।
গাজীপুর জেলা কারাগারের সুপার মো. আনোয়ারুল করিম তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।