হাবুল বলে মাকে ডেকে
সিংহ হলে মামা,
তবে কেনো দেয় না কিনে
জুতা মোজা জামা?
কোনো ঈদে দেয় না তো সে
তোমায় নতুন শাড়ি,
দাওয়াত করে নেয় না কেনো
সিংহ মামার বাড়ি?
ঘুরতে গেলে বনের ভেতর
করো কেনো মানা,
সিংহ যদি মামা হয় মা
বাঘের কি নাই জানা?
সিংহ মামা ধমক দিলে
ভাল্লুক কি আর আসে?
মা তখন রান্না রেখে
মিষ্টি মিষ্টি হাসে।
হাসি রেখে মায়ে বলে
সিংহ হয় না মামা,
সে হলো যে বনের পশু
নেই যে জুতা জামা।