ফুটবলের ‘অবহেলিত’ বড় আসর আফ্রিকান কাপ অব নেশন্স

বছরখানেক আগে লিভারপুল কোচ ‘আফ্রিকায় একটি ছোট টুর্নামেন্ট’ শব্দগুলো উচ্চারণ করে ব্যাপক জনরোষের সামনে পড়েছিলেন। ইতিহাসের শুরু থেকে আফ্রিকা কিছুটা আড়ালেই ছিল সব সময়। 

ফুটবলেও যেন খানিক অবহেলার শিকার আফ্রিকান মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই আফ্রিকান কাপ অব নেশন্স। প্রতিযোগিতামূলক এই আসর ঘিরেও মাতামাতি ইউরো বা কোপা আমেরিকার তুলনামূলক কম।

আফ্রিকান কাপ অব নেশন্স ঠিক কতটা প্রতিদ্বন্দ্বীতা এবং বৈচিত্র্যে পরিপূর্ণ তা এর বিজয়ীর তালিকা দেখলে বোঝা যায়। ২০১০ সালের পর থেকে সাত আসরে ৭টি আলাদা আলাদা দল চ্যাম্পিয়ন হয়ে। 

৭ আসরের ফাইনালে ১৪ দলের মাঝে কেবল ঘানা এবং মিশরই একাধিকবার ফাইনালে উঠেছে। অন্য সকল সময়েই ফাইনালের দলেও ছিল ভিন্নতা। 

আজ থেকে আফ্রিকান দেশ আইভরি কোস্টে আবার শুরু হচ্ছে আফ্রিকান কাপ অব নেশন্সের আসর। দ্বিতীয়বারের মতো আফ্রিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আয়োজন করছে দেশটি। 

এর আগে ১৯৮৪ সালে প্রথমবার এই প্রতিযোগিতার আয়োজক দেশ হয়েছিল তারা। ২৪ দল নিয়ে এবারের আসরটি মাঠে গড়ানোর কথা ছিল ২০২৩ সালের জুন-জুলাইয়ে। তবে আইভরি কোস্টের প্রতিকূল আবহাওয়ার কারণে সেটি পিছিয়ে যায়।