রবিবার প্রথম অফিস করবেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন

আগামীকাল ১৪ জানুয়ারি রবিবার প্রথম অফিস করবেন নতুন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। ওইদিন মন্ত্রী সকাল ১০টায় প্রথমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করবেন। পরে সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পরিচিত হবেন এবং মন্ত্রণালয় সম্পর্কে অবহিত হবেন। এরপর বেলা ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন স্বাস্থ্যমন্ত্রী। আজ শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এই তথ্য জানান।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় গত বৃহস্পতিবার থেকে গতকাল রাত পর্যন্ত ডা. সামন্ত লাল সেনের ইন্দিরা রোডের বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানাতে এসেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিএমএ ও স্বাচিপ নেতৃবৃন্দ, স্বাস্থ্যখাতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ। 

প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাবেক প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। তিনি নতুন সরকারের একজন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। সেদিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এ সময় নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে স্নেহ করতেন জানতাম, কিন্তু এতটা স্নেহ করতেন তা জানতাম না। প্রধানমন্ত্রী আমার ওপর বড় দায়িত্ব দিয়েছেন। যে আস্থা রেখে তিনি আমাকে মন্ত্রিত্ব দিয়েছেন আমি তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। প্রধানমন্ত্রী আমাকে বিভিন্ন হাসপাতালে সরাসরি গিয়ে পরিদর্শন করার কথা বলেছেন এবং যেকোনো প্রয়োজনে তার (প্রধানমন্ত্রী) কাছ থেকে পরামর্শ গ্রহণের কথা বলেছেন। আমার এক জীবনে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু নেই।’

চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি ডা. সামন্ত লাল সেনকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করেন। এছাড়াও তিনি বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সেন ১৯৪৯ সালের ২৪ নভেম্বর তৎকালীন পূর্ববঙ্গের সিলেটের হবিগঞ্জের নাগুরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সেন্ট ফিলিপস হাই স্কুল থেকে ১৯৬৪ সালে মাধ্যমিক সম্পন্ন করেন ও সুরেন্দ্রনাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। ১৯৭৩ সালে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৮০ সালে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে ‘ডিপ্লোমা ইন স্পেশালাইজড সার্জারি’ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জার্মানি ও ইংল্যান্ডে সার্জারিতে আরও প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি।