ঢাকায় জরুরি অবতরণ করল ভারতীয় বিমান

তীব্র শীত ও ঘন কুয়াশায় কম দৃশ্যমানতার কারণে মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইন্ডিগো এয়ারের একটি প্লেন বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করেছে।

স্থানীয় সময় শুক্রবার রাতে মুম্বাই থেকে উড্ডয়নের পরে বিমানটি গুয়াহাটিতে পৌঁছালেও বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় ফ্লাইটটি ঢাকায় ডাইভার্ট করা হয়। ফলে পরবর্তীতে ফ্লাইটটি শনিবার ভোর ৪টায় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবতরণ করে।

ইন্ডিগো এয়ারলাইনের বরাতে শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ফ্লাইটে থাকা মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্ট করেন। তিনি বলেন, তার মুম্বাই থেকে গুয়াহাটিগামী ফ্লাইট ঢাকায় অবতরণ করেছে।

পোস্টে তিনি লিখেন, ‘আমি মুম্বাই থেকে গুয়াহাটিগামী একটি প্লেনে উঠেছিলাম। কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। পরবর্তীসময়ে এটি ঢাকায় অবতরণ করে।‘

তিনি আরও বলেন, ‘যাত্রীরা এখনো প্লেনের ভেতরেই আছেন। ৯ ঘণ্টা ধরে প্লেনের ভেতরে আটকে আছি।‘

পরবর্তীতে ইন্ডিগো এয়ারলাইন এক বিবৃতিতে জানায় যে, ‘ফ্লাইট ৬ই ৫৩১৯ খারাপ আবহাওয়ার কারণে ডাইভার্ট করা হয়েছে এবং যাত্রীরা দীর্ঘসময় অবতরণ করা বিমানের ভিতরে ছিল।

বিবৃতিতে যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা প্রার্থণা করে বলা হয় যে, ‘ফ্লাইটটিকে ঢাকা থেকে গুয়াহাটিতে ফিরিয়ে নিতে ক্রুদের বিকল্প একটি দলকে আনা হচ্ছে’।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যানুযায়ী, শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে যাত্রা করে উড়োজাহাজটির রাত ১১টা ১০ মিনিটে গুয়াহাটিতে পৌঁছানোর কথা ছিল। তবে ফ্লাইটটি তিন ঘণ্টা দেরিতে রাত ১১টা ২০ মিনিটের দিকে মুম্বাই থেকে গুয়াহাটির উদ্দেশে রওনা করে। ১২ ঘণ্টা পর সেটি গন্তব্যে পৌঁছেছে।