ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী প্রভা আত্রে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
শিল্পীর পরিবার সূত্রে খবর, শনিবার ভোর সাড়ে তিনটার দিকে নাগাদ ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। এরপর তাকে দ্রুত দীননাথ মঙ্গেশকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে আজ (শনিবার) তার মুম্বাইতে অনুষ্ঠান করার কথা ছিল।
তিনি কিরানা ঘরানার সুরেশবাবু মানে এবং হীরাবাই বদোদেকরের কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছিলেন। তার গায়কীতে সঙ্গীতের দুনিয়ায় অন্য দুই মহান ব্যক্তি, খেয়ালের জন্য আমির খান এবং ঠুমরির জন্য বড়ে গুলাম আলি খানের প্রভাব তিনি নিজেই স্বীকার করেছিলেন। তিনি কত্থক নৃত্যশৈলীতেও আনুষ্ঠানিক প্রশিক্ষণ নিয়েছিলেন। ভীমসেন যোশীর পর কিরানা ঘরনায় প্রভা আত্রের বিশেষ অবদান ছিল। সঙ্গীতের ক্ষেত্রে অবদানের জন্য ভারত সরকার তাকে 'পদ্মশ্রী', 'পদ্মভূষণ', 'পদ্মবিভূষণ'-এর মতো বহু পুরস্কারে ভূষিত করেছে।
সঙ্গীত ক্ষেত্রে তার অবদানের জন্য কেন্দ্রীয় সরকার তাকে ১৯৯০ সালে পদ্মশ্রী এবং ২০০২ সালে পদ্মভূষণ দিয়ে সম্মানিত করে। তিনি ২০২২ সালে তিনি পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন। প্রভা আত্রে সঙ্গীতের উপর বহু বইও লিখেছেন।
জানা যাচ্ছে, প্রভা আত্রের পরিবারের সকলেই প্রায় আমেরিকায় থাকেন। তারা দেশে আসার পর আগামী মঙ্গলবার, ১৬ জানুয়ারী শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে।