শেষ বছরে সিনে ইন্ডাস্ট্রিতে তাকে নিয়েই চর্চা। কারণ, তিনি শাহরুখ খান। বলিউডের বেতাজ বাদশা দীর্ঘ ৫ বছর পর পর্দায় ফিরে একের পর এক ব্লকবাস্টার হিট দিয়েছেন। ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডানকি’—তিনটি সিনেমাই মনে ধরেছে দর্শকদের। কিন্তু ব্যক্তিগত জীবনে যে ঝড় গেছে তা সামলেছেন চুপ থেকে।
ছেলে আরিয়ান খান যখন মাদককাণ্ডে গ্রেপ্তার হন শাহরুখকে একটা কথাও বলতে শোনা যায়নি। তাকে নানা লোকে নানা কথায় বিঁধেছেন। কেউ কেউ তার শিক্ষা নিয়েও প্রশ্ন তুলেছেন। আবার কেউ কেউ এমনও বলেছেন, শাহরুখ ছেলেকে উচ্ছণে তুলেছিলেন। কিন্তু তাকে টু শব্দ করতে শোনা যায়নি। বরং, কিং খান নিজের মত করেই পরিস্থিতিকে সামাল দিয়েছেন। আর এতবছর পর, সেই ইস্যু নিয়েই মুখ খুলেছেন তিনি।
যতই তিনি বলিউডের বাদশা হন না কেন, আর পাঁচটা পরিবারের মতোই সেখানে ইমোশন কাজ করে। ছেলের গ্রেপ্তারির পর তাকে কতকিছু অনুভব করতে হয়েছে জীবনে। শাহরুখ সিনেমা ইন্ডাস্ট্রি প্রসঙ্গে বলেন, আমার সব ছবি ফ্লপ হতে শুরু করে। শেষ ৪-৫ বছর আমার এবং পরিবারের জন্য খুব অদ্ভুত ছিল। অ্যানালিস্টদের অনেকেই আমায় নিয়ে যা তা বলেছিল। কিন্তু এখন যে তারা বুর্বকের মত কাজ করেছেন নিশ্চই বুঝতে পারছেন।
ছেলের গ্রেপ্তারিতে ভেঙে পড়েন শাহরুখ এবং পরিবার। জেলের বাইরে পাপারাজ্জি, শাহরুখকে দেখলেই তাদের নানা প্রশ্ন কাঁটার মত বিঁধলেও সেদিন শাহরুখ জীবনে শেখা সব থেকে বড় বিষয়কে প্রয়োগ করেছিলেন। অভিনেতা বলেন, ব্যাক্তিগত জীবনে যা ঘটেছে আমার সঙ্গে সেটা দুঃখজনক এবং আমাকে ভাবিয়েছে। এত কষ্টদায়ক মুহূর্ত কেটেছে যে আমি বলতে বাধ্য হচ্ছি। তবে, একটা জিনিষ যেটা মাথায় ছিল, শান্ত থাকতে হবে। খুব শান্ত থাকতে হবে। নিজের কাজ সততার সঙ্গে করে যেতে হবে। তুমি যখনই দেখবে জীবনে ভাল কিছু ঘটছে হঠাৎ করেই কোথা থেকে একটা এমন কিছু ঘটবে যেটা হিলিয়ে রেখে দেবে সবকিছু।
এখানেই শেষ না, তিনি আরও বলেন, কিন্তু আশাহত হলে চলবে না। বরং এখানেই তোমায় সৎ হতে হবে, আশা বজায় রাখতে হবে।
প্রসঙ্গত, গতবছর জানুয়ারি থেকে ছবি রিলিজ করা শুরু করেন শাহরুখ। পাঠান, জওয়ান এবং ডানকি। একবছরে তিনটে বিগ রিলিজ। কানাঘুষো, খবর তিনি সামনের দিনে বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করতে চলেছেন। সেখানে একদম ভিন্ন অবতারে তাকে দেখা যাবে।